এক্সোর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ আকারাজু বলেন, বাংলাদেশই এশিয়ার প্রথম দেশ, যেখানে এ প্রযুক্তি চালু হতে যাচ্ছে।
বাংলাদেশে এআই চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস আনার ঘোষণা দিয়েছে মার্কিন কোম্পানি এক্সো ইমেজিং।
এ কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক এবং সন্দীপ আকারাজু বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মেডিকেল টেকনোলজি বিশেষজ্ঞ এবং এক্সোর চিফ টেকনোলজি অফিসার ইউসুফ হক বলেন, তাদের কোম্পানি প্রথমে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এ ডিভাইস চালু করবে। দীর্ঘমেয়াদে গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত এর সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
“ডিভাইসটি বহনযোগ্য এবং অত্যন্ত দক্ষভাবে কাজ করবে, ফলে প্রত্যন্ত অঞ্চলেও উচ্চমানের ডায়াগনস্টিক সেবা সহজলভ্য হবে।”
ইউসুফ হক বলেন, “এটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে, বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে। ডাক্তার ও নার্সরা শিগগিরই এটিকে স্টেথোস্কোপের মত ব্যবহার করবেন।”
এক্সোর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ আকারাজু বলেন, বাংলাদেশই এশিয়ার প্রথম দেশ, যেখানে এ প্রযুক্তি চালু হতে যাচ্ছে। বর্তমানে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন নিয়ে কেবল যুক্তরাষ্ট্রে এ ডিভাইস পাওয়া যাচ্ছে।
“আমরা খুব শিগগিরই মেক্সিকো এবং আরও কয়েকটি লাতিন আমেরিকান দেশে এটি চালুর পরিকল্পনা করছি।”
এআই-চালিত এই পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যান্সার, ফুসফুসের রোগ, থাইরয়েড সমস্যা এবং গর্ভধারণ সংক্রান্ত জটিলতা প্রাথমিক পর্যায়ে সনাক্ত করতে সহায়তা করবে।
“শুনতে যেন সায়েন্স ফিকশনের মত” মন্তব্য করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের পথে একটি বড় পদক্ষেপ। স্বাস্থ্যসেবায় এআই একটি বিস্ময়কর ভূমিকা রাখছে।

0 মন্তব্যসমূহ