তরতাজা এমবাপেকে পেয়ে ফ্রান্স কোচের উচ্ছ্বাস

 


 শারীরিক কোনো সমস্যা নেই। মানসিকভাবেও খুব ভালো অবস্থায় আছেন কিলিয়ান এমবাপে। দলের সেরা ফুটবলারকে অনেকদিন পর সবদিক থেকে পুরোপুরি তরতাজা পেয়ে ভীষণ খুশি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ে দেশম।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এখন জাতীয় দলের সঙ্গে আছেন এমবাপে। রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডকে কাছ থেকে দেখে দেশমের মনে হচ্ছে, গত বছরের চেয়ে বেশ ভালো অবস্থায় আছেন এই তারকা।

দেশমের মতে, পিএসজিতে শেষ ৬ মাস কঠিন সময় কেটেছিল এমবাপের। যার প্রভাব পড়েছিল তার মানসিকতায়। গত বছরের শেষ দিকে তাই কিছুটা ছন্দহীন ছিলেন ২০১৮ বিশ্বকাপ জয়ী ফুটবলার।

ওই সময় আবার ঊরুতে চোটও পান ২০২৪ সালের জুনে পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেওয়া এমবাপে। যেকারণে তাকে গত অক্টোবরে নেশন্স লিগের দলে রাখেননি দেশম। ফর্মহীনতায় পরের মাসের নেশন্স লিগের দলেও জায়গা হয়নি এমবাপের।

এরপর গত মার্চে ওই টুর্নামেন্টেরই কোয়ার্টার-ফাইনাল দিয়ে জাতীয় দলে ৬ মাস পর ফেরেন এমবাপে। খেলেন সেমি-ফাইনালেও, যেখানে স্পেনের বিপক্ষে হেরে বাদ পড়ে যায় ফ্রান্স।

বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের দলে অনুমিতভাবেই এমবাপেকে রেখেছেন দেশম। ফরাসি দৈনিক লেকিপকে তিনি বলেন, এখন শারীরিক কিংবা মানসিক কোনো সমস্যা নেই ২৬ বছর বয়সী ফুটবলারের।

“এমবাপে কি গত বছরের তুলনায় সতেজ অবস্থায় আছে? হ্যাঁ, নিঃসন্দেহে, তবে এটা (এমবাপের কঠিন সময়) প্যারিসে তার শেষ ছয় মাসের সঙ্গেও সম্পর্কিত। শারীরিকভাবে সে বেশ ভালো আছে, তবে মূল ব্যাপারটি মানসিক অবস্থার।”

“মানসিকতা শারীরিক দিককে প্রভাবিত করে। মানসিক ক্লান্তি কেউ পরিমাপ করতে পারে না। ভ্রমণ, সময়ের পার্থক্য, প্রত্যাশার চাপ; এই সবকিছু এটার সঙ্গে যুক্ত।”

২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে শুক্রবার পোল্যান্ডের মাঠে ইউক্রেইনের মুখোমুখি হবে ফ্রান্স। এর তিন দিন পর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

Popup Iframe Example

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ